
অবশেষে প্রিয় ক্লাব বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি। ক্লাব কর্তৃপক্ষকে অফিসিয়াল ফ্যাক্স পাঠিয়েছেন আর্জেন্টাইন তারকা। যে ক্লাবে কাটিয়েছেন প্রায় দুই যুগ, হয়েছেন সেরাদের সেরা। সেই বার্সাকেই ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
মূলত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্নের বিরুদ্ধে কাতালানদের এমন ভরাডুবির পর মেসির বার্সা ছাড়ার গুঞ্জন শুরু হয়। এর আগেও বহুবার মেসির বার্সা ছাড়ার গুঞ্জন উঠেছে।
তবে এবার স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে জানানো হয়, ক্লাব কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে নিজেই বিদায়ের বার্তা জানিয়েছেন মেসি। নতুন মৌসুমে কোন ক্লাবে যাচ্ছেন তা চূড়ান্ত হয়নি এখনো।
এদিকে, প্রিয় তারকার এমন ঘোষণায় বিক্ষোভ শুরু করেছে বার্সা সমর্থকরা। ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেয়ুরের পদত্যাগের দাবি জানায় তারা।
অপরদিকে, ক্লাবকে পুরোপুরি ঢেলে সাজানোর জন্য, বেশ ক’জন সিনিয়র ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। প্রথম ধাপে লুইস সুয়ারেস, ইভান রাকিতিচ, আর্তুল ভিদাল আর উমতিতিকে বিদায় করতে চায় বার্সা বোর্ড।



