
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর থেকে বিদায় নিলো রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের ২-১ গোল ব্যবধানে হারায় তারা। দুই লেগের অ্যাগ্রিগেটের ফলাফল ৪-২ ব্যবধানে হওয়ায়, কোয়ার্টার ফাইনালে উঠে ইংলিশ জায়ান্টরা।
ইতিহাদ স্টেডিয়ামে, ৯ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ২৮ মিনিটে করিম বেঞ্জামার গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ৬৮ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে ২-১ গোলের লিড পায় পেপ গার্দিওলার শিষ্যরা। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি। সান্তিয়াগো বার্ন্যাবুতে, প্রথম লেগে ২-১ গোল ব্যবধানে জয় পায় সিটিজেনরা। তাতে দুই লেগ মিলিয়ে স্কোর লাইন দাঁড়ায় ৪-২।
অন্যদিকে, অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে অ্যাওয়ে গোল ব্যবধানে হেরে আসর শেষ করলো জুভেন্টাস। ১২ মিনিটে জুভাদের বিপক্ষে পেনাল্টি পায় অলিম্পিক লিও। স্পট কিকে লক্ষ্যভেদ করেন মেমফিস দেপাই। ৪৩ মিনিটে ম্যাচে সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। ৬০ মিনিটে আবারো রোনালদোর গোলে, ২-১ এর লিড নেয় তুরিনের ওল্ড লেডিরা। তাতে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় দাঁড়ায় ম্যাচে। কিন্তু প্রথম লেগ ১-০ গোল ব্যবধানে জেতায়, শেষ আট নিশ্চিত করে অলিম্পিক লিও।
শেষ ষোলোর লড়াইয়ের বাকি থাকা চার ম্যাচের দু’টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বাকি দুই ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা-নাপোলি এবং বায়ার্ন মিউনিখ-চেলসি। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
বাংলাটিভি/রাজ



