সীমিত পরিসরে ঈদ উদযাপন প্রবাসী বাংলাদেশীদের

ফ্রান্সে, করোনার ফলে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সেখানকার বাংলাদেশ কমিউনিটির মসজিদে পৃথক কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এদিকে, করোনা মহামারী কারণে সংযুক্ত আরব আমিরাতে এবার প্রবাসী বাংলাদেশীদের ঈদ উদযাপন ছিলো অনেকটাই জৌলুসহীন। অনেকেই ঈদ উদযাপনে দেশে ফিরতে চাইলে আকাশপথে যোগাযোগ বন্ধ থাকাসহ নানা জটিলতায় তা সম্ভব হয়নি।
করোনা আতঙ্কে এখন পুরো বিশ্ব বিপর্যস্ত। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও বিরাজ করছে এ আতঙ্ক। তবে তারপরও, একসাথে ঈদের নামাজ আদায় করেন, দেশটির প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্সে প্রতিনিয়ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যেও একসাথে ঈদের নামাজ আদায় করতে পেরে, আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।
এদিকে, মহামারীর কারণে নানা বিধিনিষেধ এবং জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায় এবার সীমিত পরিসরে ঈদ উদযাপন করেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশীরা।
প্রবাসীদের অনেকেই এবারের ঈদে বাংলাদেশে আসতে চেয়েছিলেন। কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক যোগাযোগ ব্যাবস্থা চালু না হওয়ায় এবং অন্যান্য জটিলতার কারণে এবার তারা আমিরাতেই ঈদ করতে বাধ্য হয়েছেন।
করোনার মধ্যে ঈদুল আজহা উদযাপন করেছেন, ইতালি প্রবাসী বাংলাদেশিরা। এবারও সরকারি অনুমতি নিয়ে, রাজধানী রোমের জাতীয় ঈদগাহসহ ইতালিতে কমপক্ষে ত্রিশটি স্থানে খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাতে প্রবাসী বাংলাদেশীসহ অন্যান্য দেশের ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ নেন। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবাহান সিকদারসহ সমাজের বিশিষ্টজনেরা ঈদের নামাজ আদায় করেন। তবে, কর্ম দিবসে ঈদ উদযাপিত হবার কারণে, নামাজ আদায় করে অনেকেই ছুটেছেন কাজের উদ্দেশ্যে।
বাংলাটিভি/বিশ্ববাংলা



