
ধীরে ধীরে স্প্যানিশ লা লিগার শিরোপার দিকে এগুচ্ছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে গেটাফের বিপক্ষে তাদের জয় ১-০ গোল ব্যবধানে। প্রত্যাশিত এ জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান দাঁড়ালো চার। তাতে দুই মৌসুম পর শিরোপা জেতার স্বপ্ন দেখছে জিনেদিন জিদান শিষ্যরা।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রফি নিশ্চিতের আনন্দ রেশ না কাটতেই, বড় ধাক্কা খেলো লিভারপুল। ম্যানচেস্টার সিটির কাছে তাদের হার ৪ গোলে।
ইতিহাদ স্টেডিয়ামে এ যেন এক ভিন্ন রূপ, চলতি মৌসুমে নতুন চ্যাম্পিয়নদের গার্ড অব অনার দিলো, গত দুই আসরের শিরোপধারী ম্যানচেস্টার সিটি। অতিথেয়তা বলতে এটুকুই, মাঠের লড়াইয়ে কোচ ইয়ুর্গেন ক্লপকে বুঝিয়ে দিলো, কতোটা তেতে ছিলো, সিটিজেনরা।
প্রিমিয়ার লিগের শিরোপা জয় নিশ্চিত করার পর, প্রথম মাঠে নামে লিভারপুল। সিটিজেনরা যে সেরা তা প্রমাণ করলো বর্তমান চ্যাম্পিয়ন অলরেডদের হারিয়ে। ফার্স্টহাফে, সফরকারীদের জালে তিনবার বল পাঠান কেভিন ডি ব্রুইন, রাহিম স্টার্লিং আর ফিল ফোডেন। অগোছালো ম্যাচে আরেকটি খেসারত দিতে হয় দ্বিতীয়ার্ধে, ওক্সালেড চেম্বারলিনের আত্মঘাতী গোলে। তাতে চার গোলের বিশাল ব্যবধানে হার।
১৯৩৭ সালের পর ইংল্যান্ডের শীর্ষ লিগে লিভারপুলের বিপক্ষে প্রথমবারের মতো, ঘরের মাঠে টানা তিন জয় পেলো ম্যানসিটি। অবশ্য এই হারে তাদের কিছু প্রভাব পড়ছে না। কারণ, আগের ম্যাচে চেলসির কাছে হেরে শিরোপা জয়ের দৌড় থেকে এমনিই ছিটকে পড়েছে ম্যানসিটি।
এদিকে, স্প্যানিশ লা-লিগায় শীর্ষস্থান মজবুতের পাশাপশি শিরোপা পুনরুদ্ধারের পথে জোরেসোরে এগুচ্ছে রিয়াল মাদ্রিদ। গেটাফের বিপক্ষে প্রত্যাশিত জয়ে বার্সেলোনা চেয়ে চার পয়েন্ট এগিয়ে এখন জিনেদিন জিদান শিষ্যরা। ঘরের মাঠে গ্যালাক্টিকোরা জয় পেয়েছে ১-০ গোলে।
তবে ইউরোপের মঞ্চে প্রথমবার জায়গা করা গেটাফের কাছে জিততে বেশ ঘামই ঝরাতে হয় রিয়ালকে। শেষ পর্যন্ত ৭৯ মিনিটের মাথায় গোল পায় তারা। দারুণ এই জয়ে- ৩৩ ম্যাচ শেষে, ২২টি জয় ও আট ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৭৪, বার্সেলোনার ৭০।
মোহাম্মদ হাসিব, বাংলাটিভি



