
স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিওদাদের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এলো জিনেদিন জিদানের শিষ্যরা। এদিকে, স্বপ্নের চূড়া ছোঁয়ার দুয়ারে দাঁড়িয়ে হোঁচট খেলো ইংলিশ জায়ান্ট লিভারপুল।
নতুন রূপে শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে, নিজেদের প্রথম ম্যাচে এভারটনের মাঠে পয়েন্ট হারিয়েছে অলরেডরা। লম্বা বিরতি শেষে মাঠে নেমেই জয়ের দেখা পেলো চেলসি।
এভারটনের মাঠ গুডিশন পার্কে করোনাকালীন লম্বা বিরতি শেষ মাঠে নামে লিভারপুল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি, পুরো ম্যাচে বল দখল ছিলো ৭০ শতাংশ। কিন্তু সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করতে ব্যর্থ হলো সাদিও মানে-ফিরমিনোরা।
পুরো ফিট না থাকায় ডার্বিতে খেলতে পারেননি স্ট্রাইকার মোহাম্মদ সালাহ আর লেফটব্যাক অ্যান্ডি রবার্টসন, তাহলে কি এদু’জনের অভাবটা ভীষণভাবে টের পেলো কোচ ইয়ুর্গেন ক্লপ? ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দ্বারপ্রান্তে থাকা লিভারপুলের জন্য এ ড্র, হারের চেয়ে কোনো অংশে কম নয়।
কারণ, ৩০ ম্যাচে ৮৩ পয়েন্ট থাকা রেডসদের, লিগ ট্রফি নিশ্চিত করতে হলে প্রয়োজন মাত্র ছয় পয়েন্ট, আর হাতে আছে ৯ ম্যাচ। আগামী ২৫ জুন ক্রিষ্টাল প্যালেস আর তিন জুলাই ম্যানসিটির সাথে ম্যাচেই শিরোপা নিশ্চিত করতে হবে ক্লপ শিষ্যদের। অন্য দুই ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে ম্যান ইউনাইটেডের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে চতুর্থ স্থানে চেলসি। এছাড়া নিউক্যাসল ৩-০ গোলে বিধ্বস্ত করেছে শেফিল্ড ইউনাইটেডকে।
এদিকে, স্প্যানিশ লা লিগায় সার্জিও রামোস আর করিম বেনজামার গোলে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারলো রিয়াল মাদ্রিদ। ৫০ মিনিটে রামোসের পর ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজামা। আর ৮৩ মিনিটে এক গোল শোধ করে খেলা জমিয়ে তোলেন মেরিনো। তবে শেষ হাসিটা লস ব্লাঙ্কোসদেরই।
এই জয়ে ৩০ খেলায় ৬৫ পয়েন্ট রিয়ালের। সমান পয়েন্ট বার্সেলোনারও। তবে হারের ব্যবধান কম থাকায় পয়েন্ট তালিকার সবার উপরের স্থানটি এখন রিয়াল মাদ্রিদের।



