
লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়ার মাঠে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো বার্সেলোনাকে। গোলশূন্য ড্র করে পয়েন্ট টেবিলে যোগ হয়েছে ১ পয়েন্টে। শিরোপা ধরে রাখতে হলে এই সময়ে প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য।
কারণ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। অভিজ্ঞ দলই মাঠে নামিয়েছিলেন কোচ সেঁতিয়েন। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে ছিলেন চোট থেকে ফেরা অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেস। তবে মূল একাদশে ছিলেন না আঁতোয়া গ্রিজম্যান। ম্যাচের শুরু থেকেও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সা।
কিন্তু ফল গড়ে দেওয়ার মতো সুবিধা আদায় করতে পারেনি তারা। প্রথমার্ধে মেসির ফ্রি-কিক সেভিয়ার গোলপোস্টে বাধা না পেলে এগিয়ে যেতে পারতো বার্সা। রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
সেই ম্যাচটিতে যদি রিয়াল জয় পায় তবে তারা ছুঁয়ে ফেলবে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট শীর্ষে থাকা কাতালানদের। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিনেদিন জিদানের দল।



