করোনা: বিশ্বজুড়ে আক্রান্ত ৭৩ লাখ, সুস্থ ৩৬ লাখের বেশি

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরো চার হাজার ৭৬৩ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে চার লাখ ১৩ হাজারের বেশি। নতুন শনাক্ত হয়েছে এক লাখ ২১ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৩ লাখ। সুস্থ হয়েছেন ৩৬ লাখের বেশি মানুষ।
মঙ্গলবার দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন প্রায় ১২শ’ মানুষ। যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে এক হাজারের বেশি মানুষের। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। ৬শ জন মারা গেছেন মহামারির আরেক নতুন হটস্পট মেক্সিকোতে। মোট মৃত্যু ১৪ হাজারের বেশি।
এছাড়া যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে নতুন সংক্রমণ ও মৃত্যু কমেছে। সারা বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৩৬ লাখ মানুষ। এদিকে, মঙ্গলবার এক বিশেষ ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উপসর্গহীন ব্যক্তির মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে।
তবে তার আগের দিন সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল উপসর্গ নেই, এমন কারো মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা ‘খুবই বিরল’। কিন্তু সংস্থাটির বক্তব্যের সঙ্গে বিশ্বের অনেক বিজ্ঞানীই একমত হতে পারেননি। ফলে এ নিয়ে সৃষ্টি হয় তর্ক-বিতর্ক।



