
করোনাভাইরাস পরবর্তী স্বাস্থ্যবিধি অমান্য করায় চায়না অনুর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের ৬ খেলোয়াড়কে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করে এই ছয়জন গভীর রাতে চায়নার একটি পানশালায় গিয়েছিলেন।
চাইনিজ ফুটবল এসোসিয়েশন অভিযুক্ত ছয়জন খেলোয়াড়কে আগামী নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করেছে। গত ৩০ মে তারা কোনো অনুমতি ছাড়া সাংহাইয়ের ট্রেনিং সেন্টার থেকে রাতে বেরিয়ে গিয়েছিল।
সিএএফএর বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মহামারী নিয়ন্ত্রণে ক্লাবগুলোকে যে ধরনের স্বাস্থ্যবিধির নির্দেশনা দেয়া হয়েছে তার পুরোটাই ভঙ্গ করেছে এই খেলোয়াড়রা। এটা একটি বড় অপরাধ। এর ফলে পুরো দলের উপরই নেতিবাচক প্রভাব পড়েছে।
নিষেধাজ্ঞার এই সময়ের মধ্যে জাতীয় দলের কোনো কার্যক্রমেও তারা অংশ নিতে পারবে না। এর মধ্যে সাংহাই এসআইপিজি ক্লাবের তিন খেলোয়াড় রেন লিহাও, লিও জুরুন ও পেং হাওয়ের বেতনকাটার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে চাইনিজ সুপার লিগ চ্যাম্পিয়ন্স ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন মৌসুমে চায়নার তৃতীয় টায়ারে খেলবে অনুর্ধ্ব-১৯ জাতীয় দলটি। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।



