
জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নয়, বরং জেমি ডে’র উপরই আস্থা রাখতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৫ মে চুক্তি শেষ হলেও পরবর্তী দুই বছরের জন্য জেমির সাথে চুক্তি নবায়ন করতে চায় বাফুফে। তবে, করোনা পরিস্থিতির কারণে চুক্তি হবে জুলাই অথবা আগস্টের মাঝামাঝি।
এদিকে, এশিয়ান কাপের প্রাক বাছাইপর্বে ভূটান বিপর্যয়ের পর সেইন্টফিট এবং পরবর্তিতে আরেক কোচ অ্যান্ড্রু ওর্ডের বিদায়। এরপর জেমি ডের হাত ধরে নতুন পথচলা শুরু বাংলাদেশের। এশিয়ান গেমসের শেষ ১৬ নিশ্চিত আর বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের মাটিতে ড্র, জেমি’ডের ছোয়ায় বদলে যাওয়া বাংলাদেশ ফুটবলের প্রতিচ্ছবি।
২০১৭ সালে লাল-সবুজ ডাগআউটের দায়িত্ব নেয়া এই ইংলিশ ম্যানের সাথে চুক্তি শেষ হচ্ছে ১৫ মে। বাফুফের পূর্ণ আস্থাই থাকছে জেমি ডের উপর। তার অধীনে ২১ ম্যাচে ৯ জয়ের বিপরীতে সমান হার, ড্র হয়েছে তিনটি। তবে, করোনার কারণে মাঠের খেলা বন্ধ। নিজ দেশে ফিরে গেছেন জেমি।



