
বিশ্বব্যাপী করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ড-ওমিটারের তথ্য অনুযায়ী বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। আর আক্রান্তের দিক থেকে চীন-ইতালিকে ছাড়িয়ে এখন এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র।
চীন-ইতালির পর, করোনার মহামারির কেন্দ্রস্থল হতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মাত্র দু’দিন আগেও এ নিয়ে অনুমিত প্রতিবেদন ছিল বিশ্বস্বাস্থ্য সংস্থার। যা এখন দৃশ্যমান। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৮৬ হাজার। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আক্রান্তদের প্রায় অর্ধেকই নিউ ইয়র্কের বাসিন্দা।
আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার। আর মৃতের সংখ্যা সাড়ে তিন হাজারের কাছাকাছি।
এদিকে, করোনা মহামারিতে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে, গত ২৪ ঘণ্টায় আরো সাতশো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা সাড়ে আট হাজার টপকানোর পথে। একদিনেই নতুন আক্রান্ত ছয় হাজার একশো ৫৩ জন। আর ভুক্তভোগীর সংখ্যা ৮১ হাজার ছূঁই-ছুঁই।
অন্যদিকে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে বিশ্বের প্রতিটি দেশের সরকার নিজের মতো করে ব্যবস্থা গ্রহণ করেছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিচ্ছিন্ন হচ্ছে অন্য দেশ থেকে। এমন পরিস্থিতির কারণে খাদ্য সংকট সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা- এফএও।
গার্ডিয়ানের বরাত দিয়ে তারা জানায়, করোনাভাইরাস ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউন, সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপ নেয়ায়, সংকট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
মোহাম্মদ হাসিব, ডেস্ক রিপোর্ট, বাংলাটিভি



