
বছরের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে অপরিচিত বার্সেলোনা। আর তাই তো ম্যাচটা বার্সা হেরেছেও ২-০ গোলে। লা লিগার পয়েন্ট টেবিলের জন্য ম্যাচটি ছিলো খুবই গুরুত্বপূর্ণ।
ম্যাচের প্রথমার্ধটা অনেকটা কবির ভাষায় বলা যেতেই পারে, শেষ হইয়াও হইলো না শেষ। কারণ দুই দলই ম্যাচের প্রথম মিনিট থেকে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে উভয়পক্ষের গোলরক্ষককে। দুই-একবার একা পেয়েও ভালো ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি রিয়াল কিংবা বার্সা।
দ্বিতীয়ার্ধে অনেকটাই খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। আর এই সুযোগেই একের পর এক আক্রমণ করে বার্সা ডিফেন্সকে দিশেহারা করে তোলা ইস্কো-করিম বেনজেমারা। ৬০ মিনিটে ইস্কোর একটা নিশ্চিত গোল শেষ সময় জেরার্ড পিকে আটকে দিয়ে রক্ষা করেন।
তবে ৭১ মিনিটে আর শেষ রক্ষা হয়নি বার্সেলোনার। অরক্ষিত ছিলেন স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়র, পিকের শরীর স্পর্শ করে দিক পাল্টে বল জালে জড়ালে উৎসবের আনন্দে ভাসে সান্তিয়াগো বার্নাব্যু।
যোগ করা সময়ে বদলি নেমে পরের মিনিটে জালের দেখা পান মারিয়ানো। ২-০ ব্যবধানে এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল রিয়াল। আসরে পঞ্চম হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে।
নির্ঝর, বাংলা টিভি



