
উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম দিনেই অঘটনের শিকার হলো ইংলিশ লিগ লিডার লিভারপুল। প্রথম লেগের ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে ব্যবধানে হারলো তারা। ফলে কোয়ার্টার ফাইনালের পথ কঠিন হলো গতবারের চ্যাম্পিয়নদের। এদিকে, জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ২-১ গোলে হার মানতে হলো ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে।
ফিরেছেন নেইমার, গোলও করেছেন কিন্তু বাঁচাতে পারেননি পিএসজিকে। ইউরোপিয়ান ফুটবলে সময়ের আলোচিত ফুটবলার, নরওয়ের ১৯ বছর বয়সী স্ট্রাইকার আর্লিং ব্রাট হাল্যান্ডের জোড়া গোলে পরাজয়ের খত নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্সের এই ক্লাবটি।
সিগনাল ইদুনা পার্কে প্রথমার্ধ গোলের দেখা পায়নি কোন দল। ৭০ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন আর্লিং হাল্যান্ড। এ আনন্দ স্থায়ী হয়নি, নেইমারের কারণে। দ্রুতই সমতায় ফেরে সফরকারীরা।
উৎসবের রেশটা কাটেনি ঠিকমতো, তখনই পিএসজির জালে দ্বিতীয় গোল। স্কোরার আবারো হাল্যান্ড। গতমাসে ক্লাবে যোগ দিয়ে সাত ম্যাচে করেছেন ১১ গোল। আর চ্যাম্পিয়নস লিগে দশ গোল করে, যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও এই উঠতি তারকা।
এদিকে, আট মাস আগে যে ভেন্যুতে ষষ্ঠ শিরোপার উৎসবে মেতেছিলো লিভারপুল, সেই মাঠেই হোঁচট খেলো ইংলিশ জায়ান্টরা। অ্যাওয়ে ম্যাচ এলেই স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে খেই হারিয়ে ফেলে লিভারপুল, বর্তমান চ্যাম্পিয়নদের ১-০ ব্যবধানে হারের সেই কথাটা আরেকবার সত্যি হলো।
সালাহ-ফিরমিন্নো-মানেরা মাঠে থেকেও নেই, লক্ষ্যহীন শট, ভুলে গেছেন প্রতিপক্ষের জমাট রক্ষণভাঙ্গার কৌশলও। অলরেড বধের কাব্য রচিত হয় মাত্র চার মিনিটে, সাউলো নিগেজের গোলে। আগামী ১১মার্চ ঘরের মাঠে ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে লিভারপুল। একই দিন পিএসজির মাঠে খেলতে নামবে বরুশিয়া ডর্টমুন্ডও।



