
খেলোয়াড় নিবন্ধনে আবারো নতুন চমক দেখালো বসুন্ধরা কিংস। নতুন মৌসুমে ক্লাবটি চুক্তি করলো আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোসের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
এএফসি কাপের জন্য হন্যে হয়ে স্ট্রাইকার খুঁজছিলো বসুন্ধরা কিংস। অবশেষে তারা আনছে আর্জেন্টিনা জাতীয় দলের স্ট্রাইকার হার্নান বার্কোসকে। লিওনেল মেসির সাবেক এই সতীর্থ ২০১৩ সালে আর্জেন্টিনার জার্সিতে খেলেছিলেন চারটি ম্যাচ।
আলেসান্দ্রো সাবেলার সময়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল বার্কোসের। ২০১৩-তে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও উরুগুয়ের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারের অবশ্য জাতীয় দলের জার্সিতে কোনো গোল নেই। ক্লাব ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ বার্কোসের। ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেইরাস, গ্রেমিও, ক্রুজেইরোর জার্সিতে খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
২০১২-১৩ মৌসুমে পালমেইরাসের হয়ে ২৯ ম্যাচে করেছিলেন ১৪ গোল। পরের দুই মৌসুমে গ্রেমিওর জার্সিতে ৬৯ ম্যাচে ২৩ গোল। ২০১৭ মৌসুমে ইকুয়েডর প্রিমিয়ার লিগের ক্লাব এলডিইউ কুইটোর হয়ে ২১ গোল করতে ম্যাচ খেলেছেন ২৬ টি।
ঢাকায় আসার আগে সর্বশেষ খেলেছেন কলম্বিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালে। তাদের হয়ে ১৪ ম্যাচে করেছেন ৬ গোল।



