আন্তর্জাতিকইউরোপ
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তের তদন্তে পুলিশ

অস্ট্রেলিয়ার দাবানল নিভানোর কাজে নিয়োজিত বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে যোগ দেবে পুলিশ। ওই বিমান বিধ্বস্তে যুক্তরাষ্ট্রের তিন ক্রু’র মৃত্যু হয়েছে। তারা দেশটির ভয়াবহ দাবানল নেভাতে সহযোগিতায় নিয়োজিত ছিলেন। দেশটির কর্মকর্তারা আজ এ কথা জানান।
অগ্নি নির্বাপনে পানি ছিটানোর কাজে ব্যবহৃত হারকিউলেস সি-১৩০ বিমানটি আরো একটি ভয়াবহ আগুন সামাল দেয়ার জন্যে ছুটে গেলে অস্ট্রেলিয়ার স্নোয়ি মাউনটেইন্সের কাছে বিধ্বস্ত হয়।
বিমান পরিবহন তদন্তকারীরা পুলিশের সঙ্গে প্রমাণ সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে পৌঁছানোর আগে, জায়গাটি নিরাপদ রাখতে বিশেষজ্ঞরা কাজ করছেন। কর্তৃপক্ষ জানায়, ওই বিমানের তিন আরোহীর কেউই বেঁচে নেই। এ নিয়ে অস্ট্রেলিয়ার গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত দাবানলে মৃতের সংখ্যা ৩২-এ দাঁড়ালো।



