
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাঁচা-মরার ম্যাচে আজ (রোববার) বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই স্বাগতিকদের। এর মাঝে যুক্ত হয়েছে ইনজুরি সমস্যা। অন্যদিকে, লঙ্কানদের চাওয়া জয় নিয়ে নতুন কোনো অঘটন সৃষ্টি করা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচ। শ্বাসরুদ্ধকর ম্যাচটি সরাসরি মোবাইলে দেখুন my sports এবং game on অ্যাপসের মাধ্যমে।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ, ঘরের মাঠে জাতির পিতার নামে আসর বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচেই ফিলিস্তিনের কাছে জোড়া গোলে হেরে, সমীকরণ কঠিন করে ফেলেছে জামাল-মামুনুল কিংবা সাদরা। এবার দরকার গা-ঝাড়া দিয়ে উঠা।
সেখানেও ব্যাঘাত, কেননা ইনজুরি আক্রন্ত এক স্কোয়াড এখন, অধিনায়ক জামাল ভূঁইয়াকে পাচ্ছে না কোচ জেমি ডে। তাহলে কার হাতে উঠছে আর্ম ব্যান্ড, প্রশ্ন টিম ম্যানেজমেন্টের দিকে? সেই সঙ্গে আত্মবিশ্বাসের জায়গাটাও যে ফিকে।
তারপরও নিজেদের ফিরে পাওয়ার এক লড়াইয় ইব্রাহীম-মতিন মিয়াদের। শ্রীলঙ্কার বিপক্ষে অতীত পরিসংখ্যান বেশ ইতিবাচক। কিন্তু গর্তে পড়ে যাওয়া আহত বাঘ, কখন হুংকার ছড়াবে তার অপেক্ষায় ফুটবল ভক্তরা।
আর শ্রীলঙ্কা, ফিফা র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান বাংলাদেশের চেয়েও পিছিয়ে, তারা কি আর পারবে কোনো চমক দেখাতে? কিন্তু প্রথম ম্যাচে পুরোটা সময়ধরে ফিলিস্তিনকে আটকে রেখে যারা, ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছিলো, তাদেরকে হালকাভাবে দেখার কোনো উপায়ই নেই।
সেক্ষেত্রে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ধন্যবাদ দিতেই পারেন স্বাগতিক দর্শকরা। কেননা, ফিলিস্তিন যদি শেষ মুহুর্তে গোল না করতো তাহলে, লাল-সবুজদের বিপক্ষে যে কোনো ব্যবধানে ড্র করলেই শেষ চার নিশ্চিত হতো সফরকারীদের।
আরো একবার পরীক্ষায় বাংলাদেশের ফুটবল।কোথায় অবস্থান করছে দেশের ঐতিহ্যবাহী খেলাটি রোববারই পাওয়া যাবে তার উত্তর।



