
স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। টাইব্রেকে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-১ গোল ব্যবধানে হারিয়েছে তারা। রিয়ালের এটি একাদশ ট্রফি উৎসব।
সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে, বল দখল এবং আক্রমণ, সব হিসেবেই আধিপত্য ছিলো রিয়াল মাদ্রিদের। কিন্তু আটলেটিকো মাদ্রিদের জমাট রক্ষণ ভেদ করার সুযোগ পায়নি তারা।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে ৪-১ গোলে জয় পায় জিনেদিন জিদানের শিষ্যরা। শুটআউটে চারটি শট নিয়ে সবক’টিতে গোলের দেখা পায় রিয়াল। লক্ষ্যভেদ করেন দানি কারভাহাল, রদ্রিগো, লুকা মদ্রিচ ও জার্সিও রামোস।
বিপরীতে আটলেটিকোর প্রথম শট পোস্টে মারেন সাউল নিগেস, থমাসের শটটি ঠেকিয়ে দেন কোর্তোয়া। তাদের তৃতীয় শটে জালে বল পাঠান কিরান ট্রিপিয়ার।



