
জন্মিলে মরিতে হবে। পৃথিবীর চিরন্তন সত্য এটি। সেই ধারা মেনেই এ বছর অসংখ্য মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। ক্রীড়াঙ্গনও হারিয়েছে বেশ কিছু পরিচিত মুখ। ফুটবলার, ক্রিকেটার, রেসার থেকে শুরু করে এ তালিকায় আছে নাম না জানা অনেকেই।
গত ৩ মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান বাংলাদেশ হকি দলের সাবেক তারকা খেলোয়াড় ও জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ক্রীড়াবিদ মোহাম্মদ মহসিন। জাতীয় হকির কিংবদন্তি মহসিন, ক্যারিয়ারে দীর্ঘ সময় কাটিয়েছেন ঢাকা আবাহনীতে।
১৯৬৭ ও ৬৮ সালে পূর্ব পাকিস্তান হকি একাদশের হয়ে খেলায় অংশ নেন। স্বাধীন বাংলাদেশের হয়ে প্রথম বিদেশ সফরকারী জাতীয় হকি দলের সদস্য হিসেবে ভারত যান তিনি।
ইংল্যান্ড ক্রিকেটের সাবেক অধিনায়ক বব উইলিস। ১৯৮৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নেন তিনি। আগ্রাসী বোলিংয়ের জন্য জনপ্রিয় সাবেক এই পেসার ৯০ টেস্টে শিকার করেন ৩২৫টি উইকেট। গত চার ডিসেম্বর ৭০ বছর বয়সে মারা যান তিনি।
১৯৬৬ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের মূল গোলরক্ষক ছিলেন গর্ডন ব্যাংকস। ১৯৭০ সালের বিশ্বকাপে কিংবদন্তী ফুটবলার পেলের একটি শট অসাধারণ দক্ষতায় রুখে দেয়া, এই গোলরক্ষক, মৃত্যুকে আলিঙ্গন করেন এ বছরের ১২ ফেব্রুয়ারি।
স্পেনের সাবেক লেফট উইঙ্গার হোসে অ্যান্টনিও রেয়েস, গত ১ জুন সেভিয়া থেকে ইউট্রেয়া যাওয়ার পথে হাইওয়েতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ২০০৩-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ী আর্সেনালের সদস্য ছিলেন রেয়েস। এছাড়াও রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদেও খেলেছেন তিনি।
বছরের শুরুতে এমিলিয়ানো সালার মৃত্যু কাঁদিয়েছিলো পুরো ফুটবল বিশ্বকে। ইংলিশ চ্যানেল পাড়ি দেবার সময় আর্জেন্টাইন এই ফুটবলারকে বহনকারী বিমানটি গত ২১ জানুয়ারি বিধ্বস্ত হলে নিহত হন তিনি।
পারনেল হুইটেকার, বক্সিংয়ে সাবেক এই স্বর্ণজয়ী তারকা ও চারবারের ওয়েইট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গত ১৪ জুলাই ভার্জিনিয়ায় এক সড়ক দূর্ঘটনায় নিহত হন।
ফ্রেঞ্চ ওপেন টেনিসে সবচেয়ে বেশী বয়সী চ্যাম্পিয়ন আন্দ্রেস গিমেনো। ১৯৭২ সালে ৩৪ বছর বয়সে রোলা গ্যাঁরো জয় করে গড়েছিলেন রেকর্ড। মারা যান গত ৯ অক্টোবর।
প্যারা-অলিম্পিক চ্যাম্পিয়ন বেলজিয়ামের মারিয়েকে ভারভুর্ট, দীর্ঘদিন পেশীর সংক্রমণে ভোগার পর গত ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন। এদিকে, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ী দলের একমাত্র কৃষ্ণাঙ্গ খেলোয়াড় চেস্টার উইলিয়ামস এবং উইঙ্গার জেমস স্মলও মারা যান এ বছর।
নারী রেসারদের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুততম ড্রাইভার হিসেবে পরিচিত জেসি কম্বস গত ২৭ আগস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হন। এছাড়াও এ তালিকায় আছে মেজর লিগ বেসবলের ক্লাব লস অ্যাঞ্জেলসের খেলোয়াড় টাইলার, তিনবারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নিকি লওডা, রেসিং সাইক্লিস্ট বেলজিয়ামের কিংবদন্তী রেমন্ড পোলিডরের নামও।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



