ব্যবসায়ীদের মধ্যে রাতারাতি ধনী হওয়ার প্রবণতা দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়ছে

ব্যবসায়ীদের মধ্যে রাতারাতি ধনী হওয়ার প্রবণতা বাড়ায়, দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়ছে বলে মত দিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ। আর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের মতে, খেলাপি ঋণ বন্ধে প্রয়োজন নিয়ন্ত্রক সংস্থার জোরালো ভূমিকা ও কঠোর আইনি পদক্ষেপ।
দেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি নেতিবাচক পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান মুডিস। ব্যাংক খাতের প্রধান ছয়টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি এ প্রতিবেদন মুডিস বলেছে, বাংলাদেশের অর্থনীতিতে তেজিভাব থাকা সত্ত্বেও ব্যাংক খাত দুর্বল অবস্থায়। খেলাপি ঋণের কারণেই ব্যাংকিং খাত দুর্বল হয়ে যাচ্ছে- উল্লেখ করে এর কারণ হিসেবে, কর্পোরেট সুশাসনের অনুপস্থিতি এবং আইন ও নিয়ন্ত্রণগত দুর্বলতাকে দায়ী করছে প্রতিষ্ঠানটি।
মুডিস-এর ওই প্রতিবেদনের সাথে অনেকটাই একমত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ। তার মতে, অর্থ মন্ত্রণালয়ের উল্টো নীতির কারণেই ব্যাংক খাতের অবস্থা অবনতিশীল।
তবে মুডিসের ওই পর্যবেক্ষণ পুরোপুরি মানতে নারাজ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ।
তার মতে, মানুষের মধ্যে অসৎ উপায়ে টাকা কামানোর প্রবণতা বাড়ায় খেলাপি ঋণ বাড়ছে এবং তার প্রভাব পড়ছে এ খাতে।
তবে, ইব্রাহিম খালেদ মনে করেন আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে খেলাপি ঋণ কমিয়ে আনা সম্ভব।
ব্যাংক খাত স্থিতিশীল না হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর এর প্রভাব পড়বে বলেও মনে করেন, এ দুই বিশেষজ্ঞ।
বাংলাটিভি/শহীদ



