
স্প্যানিশ লা লিগার লিওনেল মেসির হ্যাটট্রিকে মায়োর্কাকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। তাছাড়া ন্যু ক্যাম্পে স্পেনের শীর্ষ লিগে টানা চতুর্দশ জয় পেল বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকল টানা ৩০ ম্যাচ।
মেসির পাশাপাশি জালের দেখা পেলেন লুইস সুয়ারেস ও অ্যান্তোনিয়ো গ্রিজমান। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ১-২ গোলে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড।
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি, উৎসবের কমতি ছিলো না দুইনগড় প্রতিদ্বন্দ্ধী ফুটবলপ্রেমীর মাঝে। কিন্তু সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়েও অনেকটা পিছিয়ে পড়ে তারা। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে আক্রমণে ওঠার পরিকল্পনায় ছিল শিরোপাধারীরা।
কিন্তু ইউনাইটেডের আগ্রাসী পরিকল্পনায় ভেস্তে যায় স্বাগতিকদের সব অ্যাটাক। ম্যাচের ২৩ মিনিটে ইংলিশ স্ট্রাইকার র্যাশফোর্ডের গোলে লিড পায় ইউনাইটেড। ছয়মিনিট পরেই, সিটি সমর্থকরা স্তব্ধ হয়ে যায় হয়ে যায় দ্বিতীয় গোল খেয়ে।
গোল পেতে মরিয়া হয়ে সিটি সাফল্য পায় ৮৫ মিনিটে, নিকোলাস ওটামেন্দির গোলে। পরক্ষনেই সমতায় ফেরার সুযোগ পেলেও ব্যর্থ হয় পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। ফলে হারতে হয় ২-১ ব্যবধানে। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে রয়েছে ম্যান সিটি।
সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যান ইউ। এদিকে, বোর্নমাউথকে ৩-০ গোলে হারানো লিভারপুল ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৩৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।



