
সাউথ এশিয়ান গেমসের ষষ্ঠ দিনের খেলায় বাংলাদেশের সাফল্য বলতে শুধু পুরুষদের ক্রিকেট ইভেন্টে জয়। ভুটানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে স্বর্ণ জয়ের পথ অনেকটাই নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল।
নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে আগে ব্যাট করে ৭ উইকেটে ৬৯ রান করে ভুটান। সহজ টার্গেটে ব্যাট করতে নেমে, কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। সৌম্য সরকার করেন ৫০ রান। আর্চারিতে পুরুষ রিকার্ভ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে রোমান সানা ৬৮৬ স্কোর গড়ে আট জনের মধ্যে সেরা হয়েছেন।
মেয়েদের কম্পাউন্ড এককের কোয়ালিফিকেশন রাউন্ডে সুস্মিতা বণিক ও সোমা বিশ্বাস, যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হন। কোয়ার্টার-ফাইনালে বাই পাওয়ায় দ দু’জহনই সরাসরি সেমিফাইনালে খেলবেন।
রিকার্ভ পুরুষ দলগততে বাংলাদেশ কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম হয়েছে। মেয়েদের কাবাডিতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। শ্যুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪ দশমিক ৬ স্কোর নিয়ে রৌপ্য পদক জিতেছেন আরদিনা ফেরদৌস আঁখি।



