নতুন রেকর্ড পেঁয়াজের বাজারে

প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে দেশের পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে, বুধ-বৃহস্পতিবারে ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ শুক্রবারের বাজারে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়!
দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপই যেন কাজে আসছে না। এদিকে, এমন দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা ও খুচরা বিক্রেতারা।
কোনোমতেই যেন লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজ বাজারের। গেলো সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকা, আজ তা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। এমন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার পর অস্থির পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হলেও, কাজের কাজ কিছুই হচ্ছে না। এতে ক্ষুব্ধ ক্রেতা ও খুচরা বিক্রেতারা।
বিদেশ থেকে পেঁয়াজের বড় চালান আসার কথা থাকলেও, তা কবে কখন আসবে- এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আড়ৎদারদের অভিযোগের তীর এখন আমদানিকারকদের দিকে।
এদিকে, রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির দামও গেলো সপ্তাহের চেয়ে অনেকটা বেশি। মাছ মাংসের বাজার স্থিতিশীল থাকলেও, সার্বিক পরিস্থিতিতে বিপাকে মধ্যে নিম্ন আয়ের ক্রেতারা।
আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা



