জঙ্গি হামলায় মালিতে ৫৩ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তর-পূর্বাঞ্চলের একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় অন্তত ৫৩ সেনা নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১ নভেম্বর ওই হামলার খবর নিশ্চিত করেছেন দেশটির যোগাযোগমন্ত্রী ইয়াইয়া সানগারে।
মানেকা অঞ্চলেরও ওই ল্যান্ডমাইন হামলার তদন্ত চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
মালির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। এতে করে ওই এলাকার বিদ্রোহী গোষ্ঠী তুয়ারেগ কোণঠাসা হয়ে পড়ে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর মধ্যাঞ্চলীয় মালিতে দুটি সেনা ঘাঁটিকে সমন্বিত হামলায় ৩৮ জন সেনাসদস্য নিহত হয়।
২০১৩ সালের জানুয়ারিতে ফ্রান্সের নেতৃত্বাধীন পাঁচ জাতির বাহিনী (জি-ফাইভ সাহেল নামে পরিচিত) অভিযান চালিয়ে জঙ্গিদের উৎখাত করলেও পরে ওই অঞ্চলের জন্য হুমকি হয়ে ওঠে জঙ্গিরা।
তবে চলতি বছরে সেনাবাহিনীর বিরুদ্ধে এটাই সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা।



