
পরাজয় দিয়ে শেখ কামাল ক্লাব ফুটবল টুর্নামেন্ট শুরু করলো বসুন্ধরা কিংস। মঙ্গলবার ভারতের গোকুলাম ক্যারেলার কাছে তাদের হার ১-৩ গোলের ব্যবধানে। এর আগে, দিনের প্রথম ম্যাচে হয়েছে গোল উৎসব।
ভারতের চেন্নাই সিটিকে ৫-৩ গোল ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি। আসরে প্রথম হ্যাটট্রিকের পাশাপাশি চার গোল করেছেন তেরেঙ্গানুর স্ট্রাইকার ব্রুনো।
আসরের সবচেয়ে দারুণ দল ভারতের আইএসএল শিরোপাধারী দল, চেন্নাই সিটি। কিন্তু মঙ্গলবারের ম্যাচে মালয়েশিয়ার তেরেঙ্গানুর বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারা। শ্বাসরুদ্ধকর ম্যাচে তাদের পরাজয় ৩-৫ গোল ব্যবধানে।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বি’গ্রুপের প্রথম শুরুটা ভালো হলো না চেন্নাইয়ের। ম্যাচের তিন মিনিটে মিডফিল্ডার রহমতের গোলে এগিয়ে যায় তেরেঙ্গানু। ২৩ মিনিটে কাতসুমি ইউসার গোলে সমতায় ফেরে চেন্নাই। ৩৪ মিনিটে ম্যাচের লিড নেয় তারা।
দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে একের পর এক গোল ক’রে চেন্নাইকে কোণঠাসা করে ফেলে মালয়েশিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে দলকে সমতায় ফেরানোর পর ম্যাচের ৭০ মিনিটে এগিয়ে নেন ব্রুনো। এর কিছুক্ষণ পর তুলে নেন হ্যাটট্রিক। এরপর চতুর্থ গোলটি করেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার ব্রুনো। শেষ দিকে পেদ্রো মানজি স্পট কিকে ব্যবধান কমায় ভারতের ক্লাব চেন্নাইয়ের।
দিনের অন্য ম্যাচে সন্ধ্যায়, হতাশ করে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে জোড়া গোলে। বিরতির পর হজম করে আরো একটি। যদিও মাঝে একটি গোল শোধ করলেও ভারতের গোকুলাম ক্যারেলার বিপক্ষে হার এড়াতে পারেনি তারা।
এদিকে, বুধবার একই ভেন্যুতে রয়েছে দু’টি খেলা। বিকেল চারটায় স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে ইয়াং এলিফ্যান্টস। আর সন্ধ্যা সাতটায় টিসি স্পোর্টসের প্রতিপক্ষ মোহনবাগান অ্যাথলেকিস ক্লাব। সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
চট্টগ্রাম প্রতিনিধি আরাফাত কাদের ও মোহাম্মদ হাসিব



