
বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য আরো কাজ করতে হবে। বিশেষ করে বয়সভিত্তিক দলগুলো নিয়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করার প্রয়োজন। বিকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
তিনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার অভিভাবক। কিন্তু তার ব্যবহার এবং কথা বলার ভঙ্গিমা রীতিমত মুগ্ধ করেছে সবাইকে। জাতীয় দলের জার্সি গায়ে ক্যামেরার সামনে ছিলেন শিশুসুলভ। যেন বাংলাদেশের লাল-সবুজের রংটি বেশ পছন্দ হয়েছে জিয়ান্নি ইনফান্তিানোর। সারাদিনের ব্যস্তসময় পাড় করে, বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
কোন পথে রয়েছে বাংলাদেশে ফুটবল, ফিফা সভাপতির চোখে কতোটা উন্নতি হয়েছে, এমন প্রশ্নে ফিফা সভাপতি জানান, আরো কাজ করতে হবে উন্নতির জন্য যতোটা ভেবেছিলাম অতেটা উন্নতি হয়নি। বিশ্বফুটবলের মানের দিকে তাকালে, আরো কাজ করতে হবে। বিশেষ করে যুব দলগুলো নিয়ে।
এখানে বেশকিছু মিনি স্টেডিয়াম প্রয়োজন। তাহলে নিয়মিত খেলা হবে। সালাউদ্দিনের মতো কিংবদন্তী ফুটবলার পেতে হলে, বয়সভিত্তিক দলের দিকেই মনোযোগী হতে হবে।
তৃণমূলে নিয়ে কাজ করা, বিশেষ করে,দেশের প্রতিটি জেলায় নিয়মিত খেলা আয়োজনের কথা বলেন ইনফান্তিনো। তার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। যার যোগানদাতা হতে পারেন ব্যবসায়ীদের পাশপাশি সরকারও।
ভালো কিছু করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। এজন্য শুধু ফিফা বা বাফুফের উপর নির্ভর করে থাকলে হবে না। এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের। সরকারের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।
২০২২ বিশ্বকাপের বাছাই পর্বে খেলছে বাংলাদেশ। কিছুদিন আগে, কাতার এবং ভারতের বিপক্ষে দারুণ দুটি ম্যাচ খেলে জামাল ভূঁইয়ারা। ভারতের বিপক্ষে লাল-সবুজদের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ বেশ নাড়া দিয়েছে ফিফা বসের মনে।
ভারতের বিপক্ষে দারুণ এক ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু দূর্ভাগ্য জিততে পারেনি। এই ম্যাচের আলোচনার দিকে তাকালেই বোঝা যায়, ফুটবল কতোটা জনপ্রিয় এদেশে।
তাই কোনো বৈঠক নয়, কাজ করতে হবে নিয়মিত। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে, জেমি ডে শিষ্যদের শুভকামনা জানিয়ে, লাওসের উদ্দেশ্যে রাতে ঢাকা ত্যাগ করেন ইনফান্তিনো। এরআগে বৃহস্পতিবার ভোরে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন ফিফার সভাপতি। পরে গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ইনফান্তিনো।
শেখ হাসিনার নাম লেখা নীল রংয়ের দশ নম্বর জার্সি উপহার দেন ফিফা সভাপতি। বাংলাদেশ সরকার প্রধানও ইনফান্তিনোর নাম লেখা জাতীয় দলের জার্সি তুলে দেন।
বাংলাটিভি/শহীদ



