
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে ভালো সম্পর্ক বাজায় রাখার লক্ষ্যে দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা’র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা প্রধান।
বাংলাদেশে আসছেন ফিফার সভাপতি, ১৬ অক্টোবর ঢাকা আসবেন তিনি। শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিশ্ব ফুটবল সংস্থার প্রধানের বাংলাদেশ সফরের বিস্তারিত তুলে বাফুফে। সংস্থার সভাপতি কাজী সালাউদ্দিন জানালেন, দীর্ঘদিনের আলোচনার ফসল হচ্ছে ফিফা সভাপতির এ সফর।
ইনফান্তিনোর ঢাকা সফরকালে বাংলাদেশের উন্নতির জন্য ফিফার যেসব প্রকল্প আছে সার্বিকভাবে সেসব নিয়ে আলোচনা করা হবে।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, একই সঙ্গে সাফ ফুটবলের সভাপতি পদেও রয়েছেন। ওই দুই সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনার ব্যাপারে ধারণা দেন সালাউদ্দিন।
বাংলাদেশে এ নিয়ে কোনো ফিফা সভাপতির চতুর্থবার আগমন। আশির দশকে শুরুতে হোয়াও হ্যাভেলেঞ্জ ঢাকা এসেছিলেন, সেপ ব্লাটার ঢাকা এসেছিলেন দুইবার।



