
মোহাম্মদ হাসিব : পেশাদারি ফুটবল থেকে এবার বিদায়ের ঘোষণা দিলেন জার্মানির সাবেক মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগার। চলতি মৌসুম শেষে ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন ৩৫ বছর বয়সী এ ফুটবলার।
২০১৬ সালে এক যুগের জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার। খেলেছেন ক্লাব ফুটবলে। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর তিনি পাড়ি জমান মেজর লিগ সকারে। যুক্তরাষ্ট্রের ফু্টবল প্রতিযোগিতায় শিকাগো ফায়ারের জার্সিতে পেশাদারি ক্যারিয়ারের ইতি টানছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দিয়েছেন অবসরের ঘোষণা। শৈশবের ক্লাব বায়ার্ন মিউনিখে সাফল্যের বৃষ্টি ঝরিয়ে ২০১৫ সালে যোগ দিয়েছিলেন তিনি ম্যানইউয়ে। প্রিমিয়ার লিগে ব্যর্থতার দুই মৌসুম কাটিয়ে ২০১৭ সালে নাম লেখান শিকাগোয়।
বাভারিয়ানদের যুব দল পেরিয়ে মূল দলে সুযোগ পেয়ে এই মিডফিল্ডার খেলেছেন ৫০০’র বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ। আট বুন্দেসলিগার সঙ্গে আছে চ্যাম্পিয়নস লিগের সাফল্য।



