
মোহাম্মদ হাসিব : ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ই’গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়া ফুটবলের অন্যতম শক্তিশালী দল কাতার। প্রতিপক্ষের পাওয়ার ফুটবলের বিপক্ষে কোনো পয়েন্ট আনতে পারলে বর্তমান সময়ের বিচারে তা হবে দেশের ফুটবলের সবচেয়ে বড় সাফল্য, এমন মন্তব্য জাতীয় দলের সাবেক ফুটবলারদের।
কাতার এশিয়ান ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন। একাধারে স্বাগতিক হওয়ায় ২০২২ বিশ্বকাপ খেলাটাও তাদের জন্য অনেকটা নিশ্চিত, কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের সাথে এশিয়ান গেমসের বাছাই চলায় তাদের খেলতে হচ্ছে বাছাই পর্ব।
বৃহষ্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। গত বছরের আগস্টে জাকার্তা এশিয়ান গেমসে কাতার অনুর্ধ্ব-২৩ দলকে হারানোর সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।
আর দেশের সাবেকরা মনে করেন, ফলাফল নিয়ে না ভেবে জামাল ভূঁইয়ারদের উচিৎ সেরাটা নিংড়ে খেলা।
বাংলাদেশকে সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়তে হবে গোলরক্ষকের ভূমিকায়, এমনটা ভাবছেন দেশের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। কেননা ভারতের বিপক্ষে গোলশূণ্য ড্র করে, পয়েন্ট ভাগাভাগি করায় এ ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইবে কাতার।
তাছাড়া দলটির গোলমেশিন খ্যাত স্ট্রাইকার আল-ময়েজসহ অন্যান্য খেলোয়াড়রা রয়েছেন দারুণ ছন্দে। যা বেশ চিন্তার বিষয় রানা-সোহেলদের জন্য।
বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে এ ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।



