
বুলবুল আহমেদ : ২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অন্যদিকে বিগত কয়েক দশকে বাংলাদেশ দারিদ্র বিমোচনে প্রশংসনীয় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে দারিদ্র বিমোচন ও মানুষের জীবন যাত্রার মান নিয়ে বাংলাদেশ ‘প্রোভার্টি এসেসমেন্ট’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ব্যাংক। প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে দারিদ্রের সংখ্যা কমলেও তার গতি ধীর। গত এক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়লেও দারিদ্র বিমোচনের গতি অনেকটা কমে এসেছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, এ দেশে দারিদ্র্য কমাতে শিল্প সেবা খাত সব চেয়ে বড় অবদান রেখেছে।
বর্তমানে বাংলাদেশে ১শ টি অর্থনৈতিক জোন তৈরি করছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী এক দশকের মধ্যে অতি দারিদ্রের হার শূন্যের কোঠায় নেমে আসবে।
এ সময় উন্নয়নের গতি চলমান রাখতে বিশ্ব ব্যাংকের সহযোগিতাও কামনা করেন অর্থমন্ত্রী।



