৪ বছরে আফ্রিকায় চার শতাধিক বাংলাদেশিকে হত্যা

আফরিন রিয়া : গত চার বছরে দক্ষিণ আফ্রিকায় চার শতাধিক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। মুলত ব্যবসায়িক ও ব্যক্তিগত দ্বন্দ্বই এর প্রধান কারণ।
সাম্প্রতিক সময়ে দেশটিতে অবস্থানরত বিদেশিদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের দেয়া তথ্যমতে, দেশটিতে ঘটা সহিংসতার জন্য বাংলাদেশিরা দায়ী নন। সমসাময়িক যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার পেছনে অন্যতম কারণ ছিল, ব্যবসায়িক এবং আর্থিক দ্বন্দ্ব, বিবাহবর্হিভূত সম্পর্ক ছাড়াও অন্যান্য ব্যক্তিগত দ্বন্দ্ব।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর এরইমধ্যে ৮৮ জন বাংলাদেশির মরদেহ ফেরত পাঠানো হয়েছে এবং ২০১৫ সাল থেকে পাঠানো মরদেহের সংখ্যা ৪৫২। যেসব দেহ ফেরত পাঠানো হয়েছে তার ৯৫ শতাংশই হত্যাকাণ্ডের শিকার এবং বেশিরভাগকেই তাদের দোকানে গুলি করে হত্যা করা হয়েছে।
অন্যদিকে রাষ্ট্রদূত সাব্বির আহমদ চৌধুরী বলেছেন, হত্যার ঘটনা আরও বেশি হতে পারে কারণ অনেক পরিবারই তাদের সদস্যদের হত্যার ঘটনা হয়তো জানাননি। অনেক মরদেহের সৎকার এখানেই করা হয়েছে। সুতরাং সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।



