সাধ্যের বাইরে চলে যাচ্ছে পেঁয়াজের দাম

বুলবুল আহমেদ : ভারত পুরোপুরি রপ্তানি বন্ধ করে দেয়ায় হটাৎ করেই দেশের বাজারে বেড়ে গেছে পেঁয়াজের দাম। মাত্র একদিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজে দাম বেড়েছে ৩০-৪০ টাকা পর্যন্ত। আড়ৎদাররা বলছেন দ্রুত সময়ের মধ্যে অন্যদেশ থেকে পেঁয়াজ আমদানি না করলে সামনের দিনে আরও অস্থির হতে পারে পেয়াজের বাজার।
আবহমান কাল ধরে বাঙালির রান্নায় অন্যতম অনুষঙ্গ পেঁয়াজ। পেয়াজ ছাড়া যেন অপূর্ণ থাকে বাঙ্গালির রান্না। তাই রসুই ঘরে পেয়াজের কদর বেশ। বাংলাদেশে চাহিদার অর্ধেকের মতো পেঁয়াজ আমদানি করা হয়, গত ১৩ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্য টনপ্রতি ৮৫০ ডলারে বেঁধে দেয় বাংলাদেশের পেঁয়াজ আমদানির অন্যতম দেশ ভারত। ফলে অস্থির হয়ে ওঠে দেশের বাজার।
খুচরা বাজারে রোববারও দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৬০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৫০-৫৫ টাকা ছিল কিন্তু রাতারাতি তা বেড়ে দাড়ায় দেশি পেঁয়াজ ৮০ টাকা, দেশি কিং নামের এক ধরনের পেঁয়াজ ৭০ টাকা ও ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৬৫ থেকে ৭০ টাকা। ভারত হঠাৎ করেই গতকাল পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়ায় এমন ঝাঁজ পেঁয়াজের বাজারে।
ক্রেতারা জানান, গতকাল যে দামে কিনেছি এক রাতের ব্যাবধানে আজ কিনতে এসে দেখি দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। অবস্থা এমন যে, পেঁয়াজ ছাড়ায় খেতে হবে। এদিকে আড়ৎদাররা বলছেন, অন্যদেশ থেকে পেয়াজ আমদানি না করলে সামনের দিকে আরও অস্থির হবে দেশের বাজার।
চাহিদার কথা মাথায় রেখে সরকার দ্রুত পেয়াজ আমদানি করে দাম নিয়ন্ত্রণে নিয়ে আসবে এমন প্রত্যাশা করছে ক্রেতা ও বিক্রেতারা।
বাংলাটিভি/ নূর



