
মোহাম্মদ হাসিব : বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের কাতার এবং ভারতের বিপক্ষে ম্যাচে আগে, ভুটানের বিপক্ষে দুইটি ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি হবে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায়। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। ভুটানের যেখানে লক্ষ্য শুধুই ভালো খেলা, সেখানে দুই ম্যাচেই জয়ে নিয়েই ভাবছেন স্বাগতিক দলের কোচ ও অধিনায়ক।
বিশ্বকাপ ও এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশ দল নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচ, যেখানে ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জামাল ভূঁইয়ারা। যাদের কাছে ২০১৬ এএফসি এশিয়ান কাপে ৩-১ গোল ব্যবধানে হেরে, ফুটবল থেকে কয়েক মাসের জন্য নির্বাসিত হতে হয়। এবারের টিম বাংলাদেশের লক্ষ্যটা ভিন্ন। মনে তেজ, ভালো কিছু করতেই হবে আন্তর্জাতিক অঙ্গণে।
জামাল ভূঁইয়া বলেন, এই দুইটি ম্যাচ জিতলে ফিফা র্যা ঙ্কিংয়ে আমাদের উন্নতি হবে। তাছাড়া দলীয়ভাবেও আমাদের মনোবল বাড়বে। জয়ের বিকল্প ভাবছি না। অতীতে যা হয়েছে তা ভুলতে চাই।
বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কাতার এবং ভারত। যেখানে মোকাবেলা করতে হবে অ্যাটাকিং ফুটবলের বিপক্ষে। কোচের কাছে প্রশ্ন ছিল ভুটানের রক্ষণাত্মক ফুটবলের কাছে, কতোটা কৌশলি হবে তার দল।
প্রশ্নের উত্তরে জেমি ডে বলেন, ফুটবল খেলাটাই এমন যে, প্রতিপক্ষ বুঝে আপনাকে রণকৌশল সাজাতে হবে। ওরা যেমনই খেলুক, আমরা খেলবো আমাদের অ্যাটাকিং ভঙ্গিমায়।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভুটানের। বিশ্বকাপ বাছাইয়ে, গুয়াম দলের কাছে দুই লেগ মিলিয়ে হারে তারা। তাদের দৃষ্টি, এসএ গেমসের দিকে।
এ প্রসঙ্গে ভুটানের কোচ পেমা বলেন, আমাদের মূল লক্ষ্য এস এ গেমস। ওখানে ভালো করতে চাই আমরা। বাংলাদেশের ফুটবল আমাদের চেয়ে অনেক এগিয়েছে। তাদের সঙ্গে ভালো খেলাই এখন চাওয়া।
আগামী ৩ অক্টোবর, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ খেলবে দু’দল।
বাংলাটিভি/ নূর



