গ্রাফটিং প্রযুক্তিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ

মতিউর রহমান, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় গ্রাফটিং প্রযুক্তিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে সাবলম্বী হয়েছেন স্থানীয় এক কৃষক। টমেটো চাষ করে এখন বাড়িতে বসে আয় করছেন লাখ লাখ টাকা। অসময়ে টমেটোর বিভিন্নস্থানে বিক্রির পাশাপাশি বাড়ছে চাহিদা। গ্রীষ্মকালে এ চাষ আরো বৃদ্ধি করা গেলে, কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে বলে জানান, সংশ্লিষ্টরা।
নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের কৃষক আব্দুল মুকিত উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে, ৩ বছর ধরে টমেটো চাষ করে আসছেন। গতবছর তিনি ৩৫ শতক জমিতে টমেটো চাষ করেন,ফলনও হয় ভালো। এতে খরচ হয় প্রায় ৩ লাখ টাকা। আর এ জমি থেকে টমেটো বিক্রি করেন ৭ লাখ টাকারও বেশী। খরচের পর লাভ থাকে প্রায় ৪ লাখ টাকা।
গতবছর লাভ হওয়ায় এবার তিনি ৬০ শতক জমিতে ৪ হাজার টমেটোর চারা রোপন করেন। মাত্র ৬৫ দিনের পরিচর্যায় গাছে ফুল আসে এবং টমেটো ধরা শুরু করে। অল্প কিছুদিনের মধ্যে টমেটো বিক্রি শুরু করবেন বলে জানান চাষী মুকিত।
ইতোমধ্যে এলাকায় সফল সবজি চাষী হিসেবে সুনাম অর্জন করেছেন আব্দুল মুকিত। টমেটো চাষে তার সফলতা দেখে এলাকার অনেকে এ চাষে আগ্রহী হয়েছেন বলে জানান, স্থানীয় চাষীরা।
নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ,কে,এম,মাকসুদুল আলম জানান, কৃষি বিভাগের সার্বক্ষণিক তদারকি ও পরামর্শে এলাকায় অনেকে টমেটো চাষে সফল হয়েছেন।
উপজেলা কৃষি অফিসের পরামর্শ এবং নির্দেশনা নিয়ে কৃষকরা এ চাষ করলে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বাংলাটিভি/ সৌরভ নূর



