দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ২০ দিনের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। মানভেদে ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা বেড়েছে।
তবে সনাতন পদ্ধতির স্বর্ণ ও রুপার দাম বাড়েনি। নতুন মূল্য আজ বুধবার থেকে কার্যকর হবে বলে গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বর্তমানে গত ৬ থেকে ৭ বছরের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং এর সঙ্গেই সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ৪ জুলাই ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ৪১ টাকা বাড়ানো হয়েছিল। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২৩ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৬৫ হাজার ২৭ টাকা। বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৩ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৩০ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪৬ হাজার ১৪ টাকায় বিক্রি হবে।
বাংলাটিভি/প্রিন্স



