সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে শোক জানিয়েছেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টা ২৬ মিনিটে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে জামাতা রাজেশ শিকদার।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নেয়ার দুই দিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এরপর অবনতি হতে থাকে। চিকিৎসা চলাকালীন পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হৃদরোগে আক্রান্ত হন সুবীর নন্দী।
রোববারও (৫ মে) তার হার্ট অ্যাটাক হয়েছে। তারপর হার্টে চারটি স্টেন্টও পরানো হয়। এরপর সোমবার (৬ মে) সকালেও আরেক দফা তার হার্ট অ্যাটাক করে এবং মাল্টিপল অরগান অকার্যকর হয়ে যায়।
মৃত্যুকালে সুবীর নন্দীর বয়স হয়েছিল ৬৫ বছর। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএএইচ) ভর্তি করা হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরে হার্ট অ্যাটাক করেন তিনি। ৩-৪ মিনিটের চেষ্টার পরে হৃদযন্ত্র সচল হলে নন্দিত এই সংগীত শিল্পীকে লাইফ সাপোর্টে নেয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ৩০ এপ্রিল সুবীর নন্দীকে নেয়া হয় সিঙ্গাপুরে। সেদিন থেকেই শুরু হয় তার চিকিৎসা।
বাংলাটিভি/ফাতেমা



