জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের

নিজের ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার রাত ১১টায় বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ ঘোষণা দেন এরশাদ।
এক সাংগঠনিক নোটিশে তিনি জানান, শারীরিক অসুস্থতার জন্য পার্টির কর্মকাণ্ড পরিচালনায় বিঘ্ন ঘটছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জিএম কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এছাড়া তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্বও জিএম কাদের পালন করবেন বলেও ঘোষণা দেন এরশাদ।
জিএম কাদের জানান, তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং শুধু রুটিন ওয়ার্ক করবেন। সংসদের বিরোধীদলের নেতা কে হবেন, সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
গত ১ জানুয়ারি জি এম কাদেরকে দলে নিজের উত্তরসূরি ঘোষণা করেছিলেন এরশাদ। হঠাৎ করে ২১ মার্চ রাতে আকস্মিকভাবেই কাদেরকে কো-চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন এরশাদ। এরপর ৪ এপ্রিল তাঁকে আবার কো-চেয়ারম্যান পদে ফিরিয়ে আনেন এরশাদ।
বাংলাটিভি/ফাতেমা



