Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর

মুসলিম উম্মাহের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত ও মাগফিরাত কামনার মধ্য দিয়ে শেষ হলো দেশের ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মাওলানা মো. যোবায়ের। সকাল ১০টা ৪২ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত শেষ হয় বেলা ১১টা ৬ মিনিটে। ২৪ মিনিট ব্যাপি এ মোনাজাতকালে গোটা ইজতেমা ময়দানে যেন এক পুণ্যময় ভূমিতে পরিণত হয়।

এ সময় মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা পাপ থেকে মুক্তির জন্য আকুতি-মিনতি করেন। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের পাশাপাশি আখেরি মোনাজাতে শরিক হতে ঢাকা-গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা শনিবারও ইজতেমা ময়দানে আসতে থাকেন। মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এ আসা অব্যাহত থাকে।  আখেরি মোনাজাত উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণে শুক্রবার মধ্যরাত থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহসড়কের জয়দেবপুর চান্দনা চৌরাস্তার ভোগড়া বাইপাস, টঙ্গী ব্রিজ, আশুলিয়া সড়কের কামারপাড়া ব্রিজ ও টঙ্গী-নরসিংদী সড়কের মীরেরবাজার দিয়ে সব ধরনের যানবাহন টঙ্গীতে প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা ছাড়াও অসংখ্য মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমাস্থলে আসেন। এর জন্য ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে, যানবাহন চলাচল বন্ধ থাকায় মোনাজাতে শরিক হতে ভোর থেকে ধর্মপ্রাণ মুসিল্লরা হেঁটেই ইজতেমাস্থলে আসেন। মহাসড়ক-সড়কগুলোতে যেন ধর্মপ্রাণ মুসল্লিদের কাফেলা। অনেকে ট্রেনে করে অথবা ওইসব এলাকার অলিগলি রাস্তা দিয়ে রিকশা-ভ্যান, আটোরিকশা, মোটরসাইকেল ইত্যাদি হালকা যানবাহনে করে টঙ্গীতে আসতে দেখা গেছে। গাড়ি বন্ধ থাকায় টঙ্গীগামী ট্রেনগুলো ছিল মানুষে ঠাসা। আবার হাঁটা এড়াতে অনেক মুসল্লি শুক্রবার রাতেই ইজতেমাস্থলে পৌঁছেছেন। মোনাজাতের পর থেকে রাত ১২টার মধ্যে পুরো মাঠ খালি করে পুলিশ মাঠের নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছেন জিএমপি পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান। এর মধ্যে যোবায়ের অনুসারীদের মাঠ ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলেও জানান তিনি ।

আগামীকাল রোববার সকাল ৭টার পর মাওলানা সাদ অনুসারীদের মাঠে প্রবেশ করবেন। মুসুল্লিদের প্রস্থান এবং প্রবেশে শৃঙ্খলায় নেয়া হয়েছে পুলিশের সতর্ক অবস্থান।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button