
টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে ছাত্রদলের নেতারা বলেছেন, ‘ডাকসু নির্বাচনের জন্য নয়, সহাবস্থানের জন্য আমরা ক্যাম্পাসে এসেছি।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক নেতাকর্মী নিয়ে মধুর ক্যান্টিনে আসনে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা।
ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে আসার পথ তৈরি হয়েছে ছাত্রদলের। তবে সহাবস্থানের বিষয়টি গুরুত্ব দিয়ে সাংবাদিকদের ছাত্রদলের সভাপতি রাজীব আহসান বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে আসা শুরু করেছে। তবে এই আসা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নয়।’
রাজীব বলেন, ‘আমরা চাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সবার সহযোগিতায় সহাবস্থান নিশ্চিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের পরিবেশ তৈরি হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এ সময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে ছাত্রদল সব সময় সচেষ্ট বলেও দাবি করেন তিনি।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে রাজীব বলেন, ‘প্রশাসন যেভাবে নির্বাচন করার জন্য চাচ্ছে, সেটিকে ছাত্রদল গণতান্ত্রিক মনে করছে না।’ এ সময় তিনি ডাকসু নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণার দাবি জানান।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ‘ছাত্রদলে কোনো শিবির নেই।’ তবে কারো বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে শিবিরের অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী ২০/৩০ জন নেতাকর্মী সঙ্গে নিয়ে মধুর ক্যান্টিনে যান। পরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মধুর ক্যান্টিনে তাঁদের সঙ্গে যোগ দেন। সেখানে আগে থেকেই অবস্থান করছেন ছাত্রলীগের নেতাকর্মীরাও।
বাংলাটিভি/রাজ



