Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

মধ্যরাত থেকে ঢাকা উত্তরে যান চলাচল বন্ধ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি)। একই দিন উত্তর ও দক্ষিণে সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে ইসি। আজ বুধবার রাত ১২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত বাস, ট্রাক, টেম্পো, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বেবিট্যাক্সি/অটোরিকশা, ইজিবাইক ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ছুটির বিষয়ে ইসি কর্মকর্তারা জানান, আগামীকাল দুই সিটিতে ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যদি কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে পরীক্ষার কেন্দ্রগুলো ও পরীক্ষার সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন। ইসি সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির এ নির্বাচনে মোট ৩২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এ পদ শূন্য হলে তাতে দলীয় প্রতীকে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম। মেয়র পদপ্রার্থী ছাড়া উত্তরের সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ২১ নম্বর ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর দক্ষিণ সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসি সূত্র আরও জানায়, উত্তর সিটির সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড ১৮টি, মোট ভোটকেন্দ্র ১ হাজার ২৯৫টি এবং ভোটকক্ষ ৬ হাজার ৪৮২টি। এতে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ১৪ লাখ ৭২ হাজার ৯১ জন। ঢাকা উত্তর সিটির সম্প্রসারিত ১৮ ওয়ার্ডের মধ্যে ১৮টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৬ ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৪৩টি এবং ভোটকক্ষ ১ হাজার ৪৭২টি। মোট ভোটার ৫ লাখ ৯০ হাজার ৭০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৮৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৯২ হাজার ৪২০ জন। ঢাকা দক্ষিণ সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের মধ্যে সাধারণ ১৮টি ওয়ার্ড ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৩৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ২৫২টি। মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ২৩৮ জন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button