আসামে বিষাক্ত মদ্যপানে ৩৫ জনের মৃত্যু

ভারতের আসামে বিষাক্ত মদ পান করে ৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই চা-বাগানের শ্রমিক। এদের মধ্যে ১৫ জন নারীও রয়েছেন। গুরুতর অসুস্থাবস্থায় আরও ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানে এ ঘটনা ঘটেছে। বিষাক্ত মদপানের কারণে চা কর্মীদের বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইন্দুকল্পা বরদোলই এবং দেবা বোড়া নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মদপানে মারা যাওয়া বেশিরভাগই সালমারা চা বাগানের কর্মী ছিলেন। চা বাগানের পাশেই দেশি মদ প্রতি গ্লাস ১০ টাকা কিংবা ২০ টাকা দরে বিক্রি করা হত। ওই মদ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তারা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতরা অতিরিক্ত মিথাইল অ্যালোকোহল মিশ্রিত মদ পান করেছিল।
বাংলাটিভি/রাজ



