
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে এসএমএসের মাধ্যমে শনিবার ভোট কেন্দ্র ও ভোটার নাম্বার জানা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদে। কমিশন থেকে ভোটারদের কাছে এ সংক্রান্ত একটি এসএমএস যাবে বলেও জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ইসি সচিব জানান, দেশের সব নির্বাচনি এলাকায় আজ রাতেই ব্যালট পেপার পাঠানো হচ্ছে। সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রতিটি ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপার সরবরাহ করবেন। এরপর শনিবার সকাল ১০টার সময় প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের কাছে এসব ব্যালট পেপার হস্তান্তর করবেন।
তিনি জানান, পোলিং এজেন্টদের তালিকা নির্বাচনের দিন সকাল ৮ টার আগে প্রিজাইডিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া যানবাহন চলাচল নিষেধ বলেও জানান তিনি।
এসময় নির্বাচন কমিশন সচিব আরও জানান, ভোট কেন্দ্রে মোবাইল ফোন বহন করা যাবে। তবে ভোট কক্ষে তা বন্ধ করে রাখতে হবে।
বাংলাটিভি/পাইক



