পুনঃতফসিল ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা

গত ৮ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই, সব দলের অংশগ্রহণ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে তারিখ
পেছানোর দাবি করে আসছিল জাতীয় ঐক্যফ্রন্টসহ একাধিক রাজনৈতিক দল ও জোট। এরই প্রেক্ষিতে সোমবার ভোটের নতুন তারিখ ঘোষণা করে ইসি।
এদিকে, নির্বাচন কমিশনের পুনঃতফসিল ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এর ফলে একটি
প্রতিনিধিত্বশীল নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচন বিশেষজ্ঞ নাজমুল আহসান কলিমুল্লাহ মতে, নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন
করতে সময় প্রয়োজন, তাই তারিখ পেছানোটা সঠিক সিদ্ধান্ত। সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম
সাখাওয়াত হোসেন মনে করেন, ভোটের তারিখ আরো ৮/১০ দিন পেছানো যেত। তবে মনোনয়ন দাখিলের জন্য যথেষ্ট সময় এখনো আছে।
তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকেও আন্তরিক হতে হবে বলেও মত দেন এই দুই বিশেষজ্ঞ। নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়ে বিএনপি ও ঐক্যজোট শুভবুদ্ধির পরিচয় দিয়েছে- উল্লেখ করে, আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন তারা।
বাংলাটি/এসএম/এবি ||আসাদ রিয়েল||



