
বহুল আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রকল্প উঠছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠকে। আগামী একনেক বৈঠকে এটি উপস্থাপন করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মস্তফা কামাল।
একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কিনা সেটি নির্বাচন কমিশনের বিষয়। আমরা শুধু প্রকল্প অনুমোদন দিচ্ছি। নির্বাচন ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা আনতে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ক্রয় সংক্রান্ত প্রকল্পটি বাস্তবায়নে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৯ কোটি টাকা।
প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৩ জুনের মধ্যে বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। যে সময় আছে এতে ইভিএম কিনে জাতীয় নির্বাচনে পুরোপুরি ব্যবহার করা সম্ভব হবেনা। তাছাড়া একবারে পুরো বরাদ্দের টাকা দেয়া সম্ভব হবেনা। এছাড়াও সারাদেশে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ নামে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯১৮ কোটি ৬৩ লাখ টাকা।এ প্রকল্পসহ একনেক সভায় মোট ১৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয় ১৭ হাজার ৭৮৭ কোটি টাকা।



