পুশইনের শিকার ৪ ভারতীয় নাগরিককে পাঠানো হলো নিজ দেশে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনের অভিযোগে আটক হওয়া শিশুসহ চার ভারতীয় নাগরিক অবশেষে নিজ দেশে ফিরে গেছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বুধবার (৮ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে তাদের ভারতে পাঠানো হয়।
ফেরত যাওয়া চারজন হলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি, তার দুই ছেলে কুরবান শেখ ও ইমাম দেওয়ান এবং দানিশ শেখ।
পুলিশ ও ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও গত বছর বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে মোট ছয়জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। পরে ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে অন্তঃসত্ত্বা সোনালী বিবিসহ ওই ছয়জনকে আটক করে পুলিশ এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনাটি প্রকাশ্যে এলে দুই দেশেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
পরবর্তীতে আদালতের নির্দেশ এবং মানবিক বিবেচনায় গত বছরের ৫ ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার আট বছর বয়সী সন্তানকে ভারতে ফেরত পাঠানো হয়। তবে বাকি চারজনের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তারা এতদিন দেশে ফিরতে পারেননি।
সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ জামিরুল ইসলাম জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাভেল পাসের মাধ্যমে চার ভারতীয় নাগরিককে ভারতে ফেরার অনুমতি দেওয়া হয়।
তিনি আরও জানান, এ সময় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ এবং সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



