Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবেরের

বাংলা টিভি ডেস্ক: ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে শহীদ ওসমান হাদীর উত্তরাধিকারীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ যাচাই শেষে প্রতিষ্ঠানটি তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে আব্দুল্লাহ আল জাবের উল্লেখ করেন, শহীদ ওসমান হাদী জীবদ্দশায় ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তবে শাহাদাতের আগে সেই প্রক্রিয়া সম্পন্ন করে যেতে পারেননি।

তিনি জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই ইনকিলাব কালচারাল সেন্টারকে ‘জনতার আমানত’ হিসেবে দেখা হয়েছে। এ কারণে গত ছয় মাস ধরে ওসমান হাদীর শাহাদাত-পরবর্তী উত্তরাধিকার-সংক্রান্ত বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হয়। একই সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সম্প্রসারণ ও উৎপাদনশীল উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছিল, যার কিছু এখনো চলমান রয়েছে। তবে পরিস্থিতির পরিবর্তনের কারণে নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, শহীদ ওসমান হাদীর সম্মান ও তার উত্তরাধিকারীদের দাবিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় দলিলপত্র পর্যালোচনার পর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব দাবিকারীদের কাছে হস্তান্তর করা হবে।

সমর্থকদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ভালোবাসা ও আস্থার মর্যাদা রক্ষায় তিনি দায়িত্ব পালনকালে সর্বোচ্চ চেষ্টা করেছেন।

আর্থিক বিষয় নিয়ে তিনি জানান, শহীদ ওসমান হাদীর মৃত্যুর পর ‘ঢাকা-৮’ এবং ইনকিলাব কালচারাল সেন্টার-সংশ্লিষ্ট সব ব্যাংক হিসাব জব্দ থাকায় ওই অংশের হিসাব আপাতত প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে তার দায়িত্বকালীন অন্যান্য আর্থিক হিসাব যত দ্রুত সম্ভব জনসমক্ষে প্রকাশ করা হবে বলে আশ্বাস দেন।

পোস্টের শেষাংশে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদীর রেখে যাওয়া ইনসাফের সংগ্রাম ও সাংস্কৃতিক আন্দোলনের আদর্শ এগিয়ে নিতে তিনি সবার দোয়া কামনা করছেন। একই সঙ্গে তিনি জানান, ইনকিলাব কালচারাল সেন্টারের সঙ্গে তার দায়িত্বশীল যাত্রার এখানেই সমাপ্তি ঘটছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button