Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন

বাংলা টিভি ডেস্ক: বরিশাল নগরীতে একটি শিয়াল হত্যা করে তার মাংস বিক্রির বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

স্থানীয়দের দাবি, ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একটি দল শিয়ালটি হত্যা করে। পরে ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবি প্রকাশ করে তার মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়।

পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের পাশাপাশি বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এর তীব্র সমালোচনা করে। পরিবেশবাদীদের অভিযোগ, এটি দেশের প্রচলিত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘনের শামিল। তারা ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বলেন, প্রকাশ্যে শিয়াল হত্যা করে তার মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়া হলেও এখনো সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button