Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

জুতা চুরি নিয়ে সংঘর্ষ, জবিতে সাংবাদিকসহ আহত ১৩

বাংলা টিভি ডেস্ক: পুরান ঢাকার মুরগিটোলা মোড় এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাত ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলামের বাসা থেকে জুতা চুরির অভিযোগ ওঠে স্থানীয় মাইকেল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করার পর কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে রাখেন। পরে স্থানীয় লোকজন এসে মাইকেলকে ছাড়িয়ে নিয়ে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে হামলাকারীরা একটি বাসায় আশ্রয় নেন। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে অভিযুক্তদের আটক করতে বাড়িটি ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছ থেকে নিতে চাইলে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন।

আহত দৈনিক সময়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অপূর্ব রয় অভিযোগ করেন, ঘটনার ছবি ধারণ করার সময় এক পুলিশ সদস্য তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আইন বিভাগের শিক্ষার্থী আজহারুল ইসলাম জানান, তিনি শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও পুলিশের লাঠিচার্জে আহত হন এবং মাথায় আঘাত পেয়ে তিনটি সেলাই দিতে হয়েছে।

ঘটনার প্রতিবাদে রাত আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মুরগিটোলা মোড় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

পরে পুলিশ এ ঘটনায় মাইকেল ও আসিকুর রহমান আশিক নামে দুজনকে আটক করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ওপর অন্যায়ভাবে লাঠিচার্জের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।

অন্যদিকে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্থানীয় কয়েকজনের সঙ্গে এক শিক্ষার্থীর বাগবিতণ্ডার পর মারধরের ঘটনা ঘটে। পরে বিপুলসংখ্যক শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ একজনকে আটক করে থানায় নেওয়ার সময় মুরগিটোলা মোড়ে একদল শিক্ষার্থী তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যদের সহায়তায় তাকে থানায় নেওয়া হয়।

ওসি আরও জানান, ঘটনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযোগ পেলে মামলা নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহতদের মধ্যে দৈনিক আমার দেশ-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিমন ইসলাম, দৈনিক সময়ের প্রতিনিধি অপূর্ব রয় ছাড়াও মার্কেটিং বিভাগের অনিক কুমার দাস, আজহারুল ইসলাম রাহাত, আইন বিভাগের সজীব মৃধা, হেলাল উদ্দিন এবং ফিন্যান্স বিভাগের আশরাফুল ইসলামসহ কয়েকজন রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button