Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

ক্লাসে শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ, শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

বাংলা টিভি ডেস্ক: নীলফামারীর ডিমলা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তের পর ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষিকা মোছা. কাজলী আক্তার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের ভেতরে এক শিক্ষার্থীকে দিয়ে ওই শিক্ষিকা তার শরীর ম্যাসাজ করাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত ৫ জুলাই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ৬ জুলাই ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়।

এর পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারা অনুযায়ী সহকারী শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এবং তাকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button