বিদ্যুৎস্পৃষ্ট স্বামী ও ছেলেকে বাঁচাতে ছুটে যান মা, একসঙ্গে সবার মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অনন্তপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং ছেলে ফরহাদ শাহ (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়ির মুদি দোকানঘর মেরামতের কাজ করছিলেন নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ। কাজের একপর্যায়ে দোকানঘরের টিন পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে চলে গেলে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় তাদের চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে যান ফাতেমা আক্তার। ছেলেকে ও স্বামীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, দোকানঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।



