আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক প্যানেলে বাংলাদেশের শায়খুল কুররা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে শুরু হয়েছে ১২তম ইমাম আল-শাতিবি আন্তর্জাতিক পবিত্র কুরআন হিফজ ও দশ কিরাআত প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ, কিরাআত বিশেষজ্ঞ ও গবেষকদের অংশগ্রহণে আয়োজিত এ আসরকে আন্তর্জাতিকভাবে কুরআনচর্চার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। তারা পবিত্র কুরআনের হিফজ ও দশ কিরাআতে নিজেদের দক্ষতা প্রদর্শন করছেন। প্রতিযোগীদের মূল্যায়নের দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্বারী ও কিরাআত বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল।
এবারের বিচারক প্যানেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শায়খুল কুররা শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী। তিনি এই আন্তর্জাতিক আসরে বিচারকের দায়িত্ব পালনকে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিচারক প্যানেলে আরও রয়েছেন মিসরের সাবেক প্রধান ক্বারী শায়খ ড. আহমদ ঈসা আল-মাসরাওয়ী, তুরস্কের শায়খ হাফিজ উসমান শাহিন, জর্ডানের ড. আহমদ আল-কুদাহ ও শায়খ হাসান আবু আল-নার, মালয়েশিয়ার শায়খ আবদুল করিম বিন জাকারিয়া, তিউনিসিয়ার শায়খ আবদুল মুনইম আল-মাকসাবি, সোমালিয়ার শায়খ খাদের বাহি, মিসরের শায়খ আহমদ মাবরুক এবং যুক্তরাষ্ট্রের শায়খ আবদুর রুকন আল-সুসি।
প্রতিযোগিতার সাফল্য ও গ্রহণযোগ্যতার জন্য দোয়া করে শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী বলেন, এই আয়োজন কুরআনের খেদমতকে আরও সমৃদ্ধ করবে এবং হাফেজ ও কিরাআত বিশারদদের মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। পাশাপাশি এটি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের একজন কুরআন বিশারদের বিচারক হিসেবে দায়িত্ব পালন নিঃসন্দেহে দেশের জন্য গর্বের বিষয়। এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের কুরআন শিক্ষা ও কিরাআত চর্চার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।



