কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি (ডিজিটাল): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং একই উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইনের মেরামতকাজ চলছিল।
এ সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক খুঁটিতে উঠে কাজ শুরু করেন বলে প্রাথমিকভাবে জানা যায়। কাজ চলাকালে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



